ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায়
———–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে উদ্ধারকৃত শিশু নীরব (১১) এর মৃতদেহ নিয়ে গেছে তার স্বজনরা বগুড়ায়।
৭ জুলাই রাতে ঈশ্বরদী রেলওয়ে থানা থেকে তারা নীরবের মৃতদেহ নিয়ে যায়।
গত ৬ জুলাই ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে থামলে কয়েকজন যাত্রী ট্রেনের ছাদে উঠার পর মৃতদেহটি দেখতে পান। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় সম্ভবত অসাবধানতাবশতঃ বড়াল ব্রিজে নীরব (১১) মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু বরণ করে।
সুরতহাল রিপোর্ট সম্পন্ন করার পর নীরবের পকেটে থাকা মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের মাধ্যমে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতী গ্রামে যোগাযোগ করা হয়। সে ওই গ্রামের মৃত ভরু’র ছেলে। সংবাদ পেয়ে নীরবের নানী ও চাচারা এসে তার মৃতদেহটি নিয়ে যায়। স্বজনদের কোন প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নীরবের মৃতদেহটি হস্তান্তর করা হয়।
এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।