গত মঙ্গলবার (১৬ জুন’২৬) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, নাগরিক সেবা এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে সরাসরি উপস্থাপন করেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত জনগণের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তবে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব মত বিনিময় সভা সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।