পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকায় পদ্মা নদী থেকে প্রায় ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর মধ্যবর্তী নদী এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকায় অবস্থান করছিলেন রিফাত। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি নদীতে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তার আরও দুই বন্ধু পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয়দের সহায়তায় নৌ পুলিশ দুইজনকে উদ্ধার করলেও রিফাত নিখোঁজ ছিলেন।
লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে তিন ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নদী থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।