ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক
স্টাফ রিপোর্টার।। পদ্মা নদীতে কর্তব্যরত অবস্থায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আজ বুধবার (২২ এপ্রিল’২৬) রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে পদ্মা নদীর হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, লক্ষীকুন্ডা পুলিশ ফাঁড়ির আইসি শফিকুল ইসলাম, কনস্টেবল এনামুল হক, শাহীনুর হক,নাজমুল হাসান ও মানিক মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিয়মিত টহল ডিউটি পালন
কালে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে মুহুর্মুহু গোলাগুলির ঘটনা ঘটে।এতে উল্লেখিত পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী পরে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।
এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।