জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও
ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে
স্টাফ রিপোর্টার।।
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ঈশ্বরদী উপজেলা একাদশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভা দলসহ মোট ১০টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে পাবনা সদর উপজেলা একাদশ ও ঈশ্বরদী উপজেলা একাদশ।
নির্ধারিত সময়ে রোমাঞ্চকর খেলায় ঈশ্বরদী উপজেলা একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মাধ্যমে দলটি টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করে দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ নিজেদের ঘরে তোলে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।