পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, টাকার দাবিতে চাপ প্রয়োগের একপর্যায়ে ওই নারীর মাথার চুল কেটে দেন তার স্বামী ও ননদ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ ও তার বোন সান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক চাঁদ আলী খাঁ ওই এলাকার মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে এবং পেশায় ইটভাটা শ্রমিক। এর আগে গত ২৪ মে সকালে নির্যাতনের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন স্বামী চাঁদ আলী খাঁ ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে ননদ সান্তনা খাতুনের সহায়তায় চুল কাটার মেশিন দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান এবং অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে ।