সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় এ সংঘর্ষের পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার ঘোয়ালপাড়ার মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়ায় ৫ বিঘা সরকারি খাস পুকুর নিয়ে আছমত আলী ও আবুবক্কার সিদ্দিকের মধ্যে ১৫/১৬ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
এই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে আরও একজন নিহত হয়েছিলেন বলেও জানান তিনি।