ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে মোঃ মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে ও মিষ্টি ব্যবসায়ী।
আজ শনিবার (২৪ মে’২৬) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মোঃ বাশার মুন্সি ও তার বড় ভাই মোঃ তোসলিম মুন্সির সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উল্লেখিত সময়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাকবিতন্ডা থেকে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোঁটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে মাহাবুল গুরুতর আহত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে।
এসময় উপস্থিত লোকজন, মাহাবুলের পরিবারবর্গ ও স্বজনরা তাকে উদ্ধার করে আচিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই মাহাবুল মৃত্যু বরণ করে।
এই ঘটনায় ওই এলাকায় তাৎক্ষণিক চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ অভিযুক্ত মোঃ বাশার মুন্সিকে গ্রেফতার করেছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার মোঃ রেজাউল করিম।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খরব পেয়েই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আর যাতে কোন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে এখন ময়নাতদন্তের পর ভিক্টিমের মৃতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।