বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবক
————-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীর বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের নামে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদে ফেটে পড়েছেন।

শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, চলতি বছর ওই বিদ্যালয় থেকে মোট ১শ ৬৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ ৩ হাজার ২শ ২০ টাকা এবং মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৬০ টাকা করে আদায় করা হচ্ছে। অথচ সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪শ ৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ২ হাজার ৩শ ৬৫ টাকা নেওয়ার নির্দেশ রয়েছে।

অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ঈশ্বরদী প্রেসক্লাব ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে বিষয়টি দ্রুত সুরাহা করার আবেদন জানিয়েছেন।

অভিযোগকারীরা জানান, ১শ ৬৪ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় দেড়শ জন শিক্ষার্থীর কাছ থেকেই উল্লেখিত অংকের টাকা নিয়েছেন শিক্ষকরা কিন্তু তাদের কোন রশিদ না দিয়ে সকলের রশিদ পরে একসাথে দেওয়া হবে বলে স্কুল থেকে জানানো হয়েছে।

অভিযোগ সম্পর্কে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। প্রধান শিক্ষকই বিষয়টি ভালো বলতে পারবেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, সরকার নির্ধারিত ফি কম হওয়ায় বিদ্যালয়ের কিছু গরিব শিক্ষার্থী ও মাস্টার রোলে থাকা শিক্ষকদের সহায়তার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।

এদিকে প্রধান শিক্ষকের এ বক্তব্যকে সম্পূর্ণ আইনবহির্ভূত উল্লেখ করে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান বলেন, সরকার নির্ধারিত ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত একটি টাকাও নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।
০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!