ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মেম্বার কলোনি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। তার বাবা মোহাম্মদ সুলতান (৩০) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বাসিন্দা। কাজের সন্ধানে স্ত্রী রুনা আক্তারকে নিয়ে তিনি ফুলগাজীতে বসবাস করছিলেন।শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী শিশুটিকে আছাড় মেরে হত্যা করেছেন। তবে সুলতানের দাবি, কোলে নিয়ে খেলার সময় শিশুটি তার হাত থেকে পড়ে যায়।
রুনা আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতে সুলতান তাকে একটি পানীয় কিনতে দোকানে পাঠান। তিনি ফিরে এসে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান।
রুনা আক্তারের ভাষ্য, হাসপাতালে নিতে চাইলে সুলতান প্রথমে বাধা দেন। পরে রাতের দিকে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটকের পর পুলিশকে দেওয়া বক্তব্যে সুলতান দাবি করেন, তিনি শিশুটিকে কোলে নিয়ে খেলছিলেন। একপর্যায়ে শিশুটি তার হাত থেকে নিচে পড়ে যায়।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।