পুলিশ সুপার আনোয়ার জাহিদের বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা।। পাবনায় আ
বেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা।
আজ (০৬ মে ) সন্ধ্যয় পাবনা পুলিশ লাইন্সের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান’র সঞ্চালনায় বিদায়ী অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। বক্তব্য দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার পেশাদারিত্ব, সততা ও মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
বক্তারা বলেন, তিনি একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও জনসেবায় তার অবদান ছিল উল্লেখযোগ্য। তার মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি পাবনা জেলা পুলিশ ও স্থানীয় জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য গৌরব ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করার চেষ্টা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তার কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
শেষে তিনি পাবনা জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোকএ মর্মে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল মহোদয় ও অতিরিক্ত পুলিশ ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার।
এ সময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।