পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীতে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষিজমি ও ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার ( ১৯ মার্চ) মাঝরাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন অভিযান পরিচালনা৷ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান সরকার ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান।
উপজেলা প্রশাসন জানায়, নির্বিচারে মাটি কাটার ফলে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে, জমির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। এসব অনিয়ম বন্ধে অভিযান আরও জোরদার করা হবে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুজ্জামান জানান, লক্ষীকুন্ডা সাহাপুর পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনভাবেই অবৈধভাবে মাটি কাটতে দেয়া হবে না। যদি কেউ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাটি কাটে সংবাদ পেলে তার বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ভবিষ্যতে কেউ অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
রাত্রিকালীন অভিযানের সময় বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।