ঈশ্বরদীর আরআরপি সেন্টারে তালা ভেঙে ১০ লাখ টাকার মোবাইল চুরি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত আরআরপি সেন্টারের একটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চোর চক্র কৌশলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকার স্মার্টফোন ও নগদ অর্থ
চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে আরআরপি সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত সদ্য চালু হওয়া ভিভো (VIVO) মোবাইল ব্র্যান্ড শোরুমে এ চুরির ঘটনা ঘটেছে।
ঐভবনে স্থাপিত একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, চারজন ব্যক্তি ভবনটিতে প্রবেশ করে। এর মধ্যে তিনজন শোরুমে ঢুকে চুরির কাজ চালায় এবং অপর একজন বাইরে অবস্থান করে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে। চোরেরা প্রথমে শোরুমের আসল তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরে ভাঙা তালার জায়গায় একই রকম দেখতে আরেকটি তালা লাগিয়ে দেয়, যাতে বাইরে থেকে কেউ সহজে বুঝতে না পারে যে ভেতরে চুরি সংঘটিত হয়েছে।
ভিভো শোরুমের ব্র্যান্ড অ্যাডভাইজার সাগর চৌধুরী জানান, প্রতিদিনের মতো রাতে দোকান তালাবদ্ধ করে চলে যাওয়ার পর সকালে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা যায় ক্যাশ বক্স ও গ্লাস ভাঙা। তিনি জানান, চোর চক্র প্রায় ১০ লাখ টাকার স্মার্টফোন এবং নগদ ১৬ হাজার ২৫০ টাকা নিয়ে গেছে।
আরআরপি সেন্টারের পরিচালক রফিকুল আলম বলেন, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরে পুলিশকে জানানো হলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলা দায়ের করা হবে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঈশ্বরদী বাজারের খন্দকার শফি সুপার মার্কেটের সাতটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পরপর দুটি চুরির ঘটনায় ঈশ্বরদী শহরজুড়ে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।