ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক করলেন
এসিল্যান্ড আসাদুজ্জামান
ডেস্ক রিপোর্ট।।
পাবনার ঈশ্বরদী উপজেলায় যোগদানের মাত্র ছয় মাসের মধ্যেই তিনবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করে হেট্রিক গড়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার আসাদ।
জানা যায়, তিনি ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সে সময় কর্মরত ইউএনও সুবির কুমার দাস বদলি হওয়ায় প্রথমবারের মতো তাকে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে নতুন ইউএনও হিসেবে যোগ দেন মনিরুজ্জামান। তবে মাত্র দুই মাসের মাথায়, একই বছরের ২৬ নভেম্বর তাকেও বদলি করা হলে পুনরায় ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পান আসাদুজ্জামান সরকার আসাদ।
এরপর ১১ ডিসেম্বর নতুন ইউএনও হিসেবে যোগ দেন আরিফুর রহমান। কিন্তু উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা আবারও বিঘ্নিত হয় যখন গত ৫ মার্চ তার বদলির আদেশ আসে এবং ১০ মার্চ তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
ফলে তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার আসাদ, যা স্থানীয় প্রশাসনে এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়দের মতে, স্বল্প সময়ে বারবার প্রশাসনিক পরিবর্তন হলেও দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন তিনি।