ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে অপ্রত্যাশিত একটি ঘটনা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। যেখানে থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার নানান প্রচেষ্টা সত্ত্বেও মাদক বিক্রি ও সেবন বন্ধ হওয়া তো দূরের কথা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে, সেখানে স্বয়ং এক মাদকসেবী মাঠে নেমেছে মাদকের বিরুদ্ধে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও অনেকেই আশাবাদী এই যুবকের মাধ্যমে হয়তো অনেক মাদকসেবী সুস্থ্য সমাজে ফিরে আসতে পারে।
মঙ্গলবার (৩ মার্চ ‘২৬) ঈশ্বরদী পৌর এলাকার ইস্তা গ্রামে জিয়াউর রহমানের ছেলে ফাহিম হোসেন (৩০) নিজেই রিকশায় মাইক বেঁধে মাইক্রোফোন হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রচার করতে থাকেন। প্রচারের সময় ফাহিম হোসেন এলাকার ও বহিরাগত সকল মাদকসেবীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি মাদক সেবন বন্ধ করেছি। আজকের পর থেকে কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে সোপর্দ করবেন। দয়া করে আপনারা কেউ মাদক সেবন করবেন না এবং মাদক সেবন করতে এই এলাকায় আসবেন না। প্রচারের সময় ওই যুবক আরও বলেন, আমি প্রচুর মাদক সেবন করতাম। আমার অনেক টাকা অপচয় হতো। সেই সঙ্গে আমার শারীরিক শক্তি ও সুস্থ্যতা নষ্ট হতে থাকে। এটা বোঝার পরেও আমি মাদক সেবন করতাম। আমি অপমানিত হয়ে বুঝতে পেরেছি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ভুল পথে পা দিয়ে আমার মহামূল্যবান জীবন এতোদিন ধ্বংস করছিলাম। তাই আমার অপরাধ বোধ ও উপলব্ধি থেকে আমি নিজে মাদক সেবন বন্ধ করেছি এবং সবাইকে নিষেধ করছি।
মাদকাসক্ত যুবক ফাহিম ঈশ্বরদী পৌরসভার ৯নং ওয়ার্ডের ৪টি গ্রামে দিনভর তার এই ঘোষণা মাইকিং করে প্রচার করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় সাড়ে ৩শ টাকা। এটা তার নিজস্ব টাকা। কারো কাছে ধার কিংবা সাহায্য নেয়া নয়। নেশার জন্য অনেক টাকায় খরচ করেছে, ভালো কাজের জন্য এই সামান্য টাকা খরচ করতে পেরে সে পুলকিত বোধ করছে। যদি কেউ এই ভালো কাজের জন্য তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।